সু.খবর ডেস্ক
সিলেটে আজ সোমবার ভোর ৬টা থেকে শুরু হচ্ছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতাদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে এ ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।
পরিবহন শ্রমিক ফেডারেশনের এ কর্মসূচি পূর্ব ঘোষিত। গত ৯ নভেম্বর সিলেটের জেলা প্রশাসকের কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে বাস্তবায়নের আল্টিমেটাম দেয়া হয়েছিল। এতে বলা হয়, ২২ নভেম্বরের আগে দাবি না মানলে ওই দিন থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হবে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ। তিনি বলেন, যেহেতু প্রশাসন থেকে দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়া হয়নি, এজন্য সোমবার থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।
তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- সিলেট জেলা অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, সিলেটের আঞ্চলিক শ্রম দফতরের উপপরিচালককে প্রত্যাহার, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের ওপর দায়ের করা মামলাসমূহ প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধ, মেয়াদ উত্তীর্ণ শেরপুর, শেওলা, লামাকাজী, শাহপরাণ ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ এবং চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশসহ সকল প্রকার গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করা। ধর্মঘট চলাকালে সিলেটে সব ধরনের গণপরিবহন (বাস, সিএনজি অটোকিশা) ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।
সূত্র : বনিকবার্তা
- ডিসেম্বরে হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
- দেশের অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে : প্রধানমন্ত্রী


