স্টাফ রিপোর্টার
আজ বৃহস্পতিবার সুনামগঞ্জে আসছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বেলা ১১টা ৫ মিনিটে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। বিমানবন্দর থেকে তিনি সড়কপথে আসবেন ছাতক উপজেলায়।
এম.এ মান্নান এমপির ছাতকে আগমন উপলক্ষে শহর সহ উপজেলা জুড়ে সাজ সাজ রব। মন্ত্রীকে স্বাগত জানাতে ছাতক-গোবিন্দগঞ্জ এবং সিলেট-সুনামগঞ্জ সড়কে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। সমাবেশস্থল শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠ) নির্মাণ করা হয়েছে সুবিশাল ও দৃষ্টিনন্দন মঞ্চ। মন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার ফেস্টুন ও বিলবোর্ডে শোভা পাচ্ছে শহর সহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে। গত এক সপ্তাহ যাবৎ মাইকে চলছে প্রচার-প্রচারণা। পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি’র আগমন উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। ছাতকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কোন মহাসমাবেশে প্রথমবারের মতো বক্তৃতা দেবেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি। এদিকে মন্ত্রীর শুভাগমনে ছাতকবাসীও অনেক কিছু চাওয়া-পাওয়ার প্রত্যাশায় প্রহর গুনছেন।
এদিকে দুপুর ১২টায় ছাতক পৌরসভা পরিদর্শন এবং পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। দুপুর সাড়ে ১২টার দিকে ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের উদ্বোধন ও বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দুপুর ২টায় ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
বিকাল ৪ টা ১৫ মিনিটে ছাতক উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ছাতক উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজিত গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন পরিকল্পনামন্ত্রী । সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেবেন সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামিম আহমদ চৌধুরী। সমাবেশ পরিচালনা করবেন ছাতক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল।
সন্ধ্যায় গোবিন্দগঞ্জে সোনালী অতীত ক্লাবের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়াও সন্ধ্যা পৌনে ৭টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুজিব ১০০ পার্কের উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী।


