শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে-পরিকল্পনামন্ত্রী

ছাতক প্রতিনিধি
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং শ্যামগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত কোন এলাকাই আমার কাছে ভিন্ন নয়। দেশের সকল এলাকার সমান উন্নয়ন করা আমার নৈতিক দায়িত্ব। উন্নয়ন নিয়ে এলাকা ভিত্তিক মতভেদ সৃষ্টি করে পক্ষপাতিত্ব করা সঠিক নয়।’
মন্ত্রী বলেন, সুনামগঞ্জের মানুষের প্রতি জননেত্রী শেখ হাসিনার রয়েছে আন্তরিক ও অকৃত্রিম ভালোবাসা। নেত্রী বিশ্বাস ও ভরসা রেখে ভাটি অঞ্চলের উন্নয়নের ঝাঁপি আমার হাতে তুলে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে সুনামগঞ্জে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। আমার লালিত স্বপ্ন জামালগঞ্জ—তাহিরপুর—ধর্মপাশা উড়াল সেতু নির্মাণের অনুমতি দেয়া হয়েছে। প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে এ উড়াল সেতুর কাজ সহসাই শুরু করা হবে।
জনগণকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশের উন্নয়ন কেউ আটকে রাখতে পারবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছিল, তেমনি শেখ হাসিনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। কায়েমি স্বার্থগোষ্ঠী, মধ্যস্বত্ত্বভোগী, যারা পরের সম্পদ লুট করে খায়, কমিশনবাজি করে তারাই শেখ হাসিনাকে পছন্দ করে না। তারা তাঁকে সরাতে চায়।
তিনি শ্রমজীবী মানুষের উদ্দেশ্যে বলেন, আমরা আর আগের মতো ভুল করতে চাই না। হরতাল, ঘেরাও, ভাংচুর, মারপিট, যখন—তখন গাড়ি আটকে দেওয়া এসব কাজে যুক্ত হবো না।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের উন্নয়নে কেউ বাধা দিলে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে। ১২ বছর আগে বাংলাদেশ কোথায় ছিল, আজকে বাংলাদেশ কোথায় পৌঁছেছে। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হন তখন হাতে গোনা কয়েকটা মানুষের ঘরে বিদ্যুৎ ছিল, এখন হিসাব করে শেষ করা যাবে না, ঘরে ঘরে বিদ্যুৎ আছে।
বৃহস্পতিবার বিকালে ছাতকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড ২০২১ ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১ পুরস্কারে ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন উপলক্ষে উপজেলা পৌর আওয়ালীগের উদ্যোগে আয়োজিত মহসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আমি মনে প্রাণে আওয়ামীলীগ ও বঙ্গব্ধুর আদর্শ বুকে লালন করি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পথ পদর্শক। বঙ্গবন্ধু পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে বাঙালি জাতিকে এনে দিয়েছেন একটি স্বাধীন ভূখন্ড আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন অভূতপূর্ণ উন্নয়ন।
বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে মন্ত্রী বলেন, দেড় হাজার কোটি টাকা ব্যয়ে দেশের প্রাচীনতম ছাতক সিমেন্ট কারখানা ড্রাই প্রসেসে উন্নতীকরণের কাজ চলছে। ছাতক সুরমা সেতুর কাজও সমাপ্ত হয়েছে।
এসময় দাবির প্রেক্ষিতে মন্ত্রী ছাতক—সুনামগঞ্জ সড়ক সওজ বিভাগের অধীনে নেয়ার ব্যবস্থা এবং ছাতক হাসপাতালকে ১০০ শয্যায় উন্নতীকরণ ও ছাতক পৌরসভায় একটি সার্ভে ইউনিট স্থাপনের বিষয়ে তিনি আশ্বস্ত করেন। এছাড়াও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালকে সরকারিকরণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করার কথা বলেন। ছাতক—দোয়ারার বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের দাবির প্রেক্ষিতে সড়ক পাকাকরণ ও ছোট—ছোট ব্রীজ কালভার্ট নির্মাণে তার সার্বিক সহযোগিতা থাকবে বলে মন্ত্রী চেয়ারম্যানদের আশ্বস্ত করেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ছাতক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামিম আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের প্রেসিডেন্ট আহমদ সাখাওয়াত সেলিম চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক, সাহাব উদ্দিন সাহেল, সাইফুল ইসলাম, নুর উদ্দিন, আবুল হোসেন, শামিমুল ইসলাম শামিম, প্রভাষক জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, আওয়ামীলীগ নেতা রেজা মিয়া তালুকদার, ছাত্রলীগ নেতা কামাল আহমদ মৃধা, ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মুজাক্কির আহমদ।
সভায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব আবুল হাসনাত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের কার্য নির্বাহী পরিষদের সদস্য, সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা শাহীন আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সভায় মানপত্র পাঠ করেন মৃদুল দাস। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ ক্বারী সাইফুল ইসলাম।