জলমহালে মাছ লুটের মামলায় সাংবাদিক গ্রেপ্তার, অভিযোগ মিথ্যা দাবি

স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে একটি জলমহালে মাছ লুটের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জিয়াউর রহমানের দাবি তাকে হয়রানি করতেই মিথ্যা অভিযোগে মামলা ও গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে দিরাই থানায় সাংবাদিক জিয়াউর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দিরাই পৌর শহরের চন্ডিপুর এলাকার বাসিন্দা মো. রায়হান মিয়া জলমহাল লুটের মামলা দায়ের করেন। তিনি দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার ভাতিজা। এই মামলায় পুলিশ সাংবাদিক জিয়াউর রহমানকে বৃহস্পতিবার রাত দুইটার দিকে তার পৌর শহরের চন্ডিপুর এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে।
বাদী মামলার এজহারে উল্লেখ করেছেন, উপজেলার করিমপুর ইউনিয়নের কচুয়া গ্রামের পাশে চাতল নামে একটি জলমহাল আছে। এটির বৈধ ইজারাদার স্থানীয় চান্দপুর বালি মৎস্যজীবী সমবায় সমিতি। রায়হান মিয়া ওই সমিতির সঙ্গে অংশিদার হিসেবে যুক্ত আছেন।
গত মঙ্গলবার সকাল নয়টার সময় জিয়াউর রহমানসহ অন্যরা সেখানে গিয়ে জলমহালের পাহাদারদের হুমকি ও মারধর করে দুই লাখ ৯০ হাজার টাকার মাছ লুট করেছেন।
গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে জিয়াউর রহমানকে সুনামগঞ্জ আদালতে নিয়ে আসে পুলিশ। আদালত প্রাঙ্গণে তিনি জানান, ওই জলমহালের পাশ থাকা একটি ব্যক্তি মালিকানাধীন পুকুর দখলে নিতে চেষ্টা করেন ইজারাদারের লোকজন। বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে সেখানে পুলিশ যায়। পরে তিনিও সেখানে পেশাগত দায়িত্ব পালনে গিয়েছিলেন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে চলে আসে।
জিয়াউর রহমান লিটন বলেন, রায়হান মিয়ার চাচা সাবেক পৌর মেয়র মোশাররফ মিয়ার নানা অনিয়ম নিয়ে আমি বিভিন্ন সময়ে সংবাদ লিখেছি। এছাড়া গত ১৭ আগস্ট মোশাররফ মিয়ার পরিবারের লোকজন দিরাই শহরে এক সাংবাদিককে মারধর করেন। সহকর্মীকে মারধর করার প্রতিবাদ করি আমি। এসব কারণে তারা আমার ওপর ক্ষুব্ধ। এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
দিরাই থানার ওসি তদন্ত আকরাম উদ্দিন বলেন, আমরা নিদিষ্ট মামলা ও অভিযোগের ভিত্তিতে জিয়াউর রহমান লিটনকে গ্রেপ্তার করেছি। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। জিয়াউর রহমানকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জিয়াউর রহমান লিটনকে হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে দিরাই প্রেসক্লাব আজ শনিবার ২ টায় শহরে মানববন্ধন করবে। দিরাই প্রেসক্লাবের সভাপতি সুয়েব হাসান জানিয়েছেন, দিরাইয়ে একের পর এক গণমাধ্যম কর্মীদের উপর হামলা-মামলাসহ নানা ধরণের নির্যাতন করা হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলেই সাংবাদিকদের উপর হামলা মামলা হচ্ছে।