জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার ইসহাকপুরের বদরুল ইসলামের পক্ষের দিলশাদ মিয়া বাদী হয়ে যুক্তরাজ্য প্রবাসী উস্তার গণিকে প্রধান আসামি করে ১১২ জনের নামে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, গত শুক্রবার উস্তার গণির পক্ষের নুর উদ্দিন বাদী হয়ে বদরুল ইসলামকে প্রধান আসামী করে ৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার এড়াতে ইসহাকপুর এলাকা এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় দুই পক্ষ থেকে মামলা করা হয়েছে। এরমধ্যে চার জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বদরুল ইসলাম ও উস্তার গণির পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় ২৫ জন গুলিবদ্ধসহ অর্ধশতাধিক আহত হন। এরমধ্যে ২৩ জনকে সিলেট ওসমানিতে ও অন্যরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।


