সু.খবর ডেস্ক
২০১২ সালের আগস্টে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। চার বছর পর আবার আয়ারল্যান্ডে যাচ্ছেন জাহানারা-রুমানারা। এবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের প্রত্যাশা, সিরিজের প্রতিটি ম্যাচ জিতবেন তাঁরা।
দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে মেয়েরা আয়ারল্যান্ড রওনা হচ্ছেন কাল রাতে। ২০১২ সালে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আইরিশদের হারিয়েছিল বাংলাদেশ। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। এবার অবশ্য সব কটি ম্যাচ জেতার লক্ষ্য জাহানারার, ‘ দুটি ওয়ানডের পাশাপাশি দুটি টি-টোয়েন্টি আছে। চারটি ম্যাচই জিতে দেশে ফিরতে চাই আমরা।’
অধিনায়কের এমন প্রত্যয়ের কারণ কী? জাহানারা বলছেন, ‘২০১২ সালে আমরা যখন (আয়ারল্যান্ডে) খেলেছিলাম, তখন দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছিল। তাদের অভিজ্ঞতা আরও বেড়েছে। আমাদের মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে। আমরা এখন আগের চেয়ে অনেক বেশি অনুশীলন করছি। আমার বিশ্বাস বর্তমান দল অনেক বেশি ভালো করবে।’
আয়ারল্যান্ডে পৌঁছে মাত্র একদিনের বিরতিতে মাঠে নামতে হবে বাংলাদেশকে। জাহানারা মনে করছেন, খুব বেশি সময় পাওয়া না গেলেও আইরিশ কন্ডিশনে মানিয়ে নেওয়া কঠিন হবে না, ‘ওখানে গিয়ে একদিন অনুশীলনের সময় পাব। এটা খুব স্বাভাবিক, এমন হতেই পারে। ওখানে প্রচণ্ড ঠান্ডা থাকবে। এখানে তো গরমে অনুশীলন করছি। আমরা মানিয়ে নিতে পারব। এটা ঠিক, একদিন অনুশীলন করে মাঠে নামাটা যথেষ্ট নয়। তারপরও চেষ্টা করব যতটুকু সময় পাই কাজে লাগানোর।’


