আ.লীগ প্রার্থীর পক্ষে বিএনপির প্রার্থী

ধর্মপাশা প্রতিনিধি
বিএনপির কোনো পদবীধারী নেতা না হলেও তিনি বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হন। এবারও ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপ্রত্র সংগ্রহ করে তা জমা দিয়ে নির্ধারিত প্রতীক পেয়ে প্রচারণায় মাঠে নামেন। হঠাৎ করে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়িয়েছেন। এমনকি তিনি নৌকা প্রতীকের পক্ষে প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। এমনটি যিনি করছেন তিনি ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী আব্দুর রহিম নামের একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
এ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা মহিলা লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। তিনিই প্রথম ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছেন। দিপার বাবা প্রয়াত গিয়াস উদ্দিন চৌধুরী ও তাঁর নানা প্রয়াত হাজ্বি মনির উদ্দিন চৌধুরী ছিলেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। জনপ্রতিনিধি হিসেবে পারিবারিক ঐতিহ্যকে ধরে রাখতে এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বেড়াজাল ছিন্ন করে নারীর ক্ষমতায়ানকে সুপ্রতিষ্ঠিত করতে স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তিনি। এসব দিক বিবেচনা করে গত মঙ্গলবার বিকেলে আব্দুর রহিম দিপাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আগামী ৫ জানুয়ারি ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আব্দুর রহিম তাঁকে সমর্থন করেছেন জানিয়ে নাসরিন সুলতানা দিপা বলেন, ‘নারীরা এখন আর কোনো কিছুতে পিছিয়ে নেই। দিনকে দিন নারী নেতৃত্ব বিকশিত হচ্ছে। তাই আমিও নারী হিসেবে জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।’
আব্দুর রহিম বলেন, ‘ঐক্যের প্রশ্নে আমি দিপাকে সমর্থন দিয়ে তার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস বলেন, ‘আওয়ামী লীগ সরকার নারীর নেতৃত্বকে অগ্রাধিকার দিয়েছে। সে হিসেবে নারীরা নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। নারী হিসেবে দিপার সাহকিতাকে সাধুবাদ জানাই।’