স্টাফ রিপোর্টার
আনুষ্ঠানিকতা না থাকলেও নতুন বই নেবার জন্য স্কুলে ভিড় করেছিলেন সুনামগঞ্জের প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন শনিবার সকাল ১০ টার পর থেকেই জেলার প্রত্যেকটি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীরা নতুন বই নেবার জন্য আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২ টা) স্কুলে স্কুলে চলছে নতুন বই বিতরণ।
শহরতলির মাসতুরা-মবশি^র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল চন্দ জানালেন, প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীর বই পাওয়া গেছে। ৬ষ্ট শ্রেণির কেবল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ৭ম শ্রেণির ৭ বিষয় শিক্ষার্থীদের তুলে দেওয়া হয়েছে। ৬ষ্ট ও ৭ম শ্রেণির অন্য বই এবং ৮ম শ্রেণির বই পাওয়া যায় নি এখনো।
সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জুর রহমান জানালেন, তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির পুরো বই পাওয়া গেছে, বিতরণ চলছে। ৬ষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ৭ম শ্রেণির ৭ বিষয়ের বই বিতরণ করা হচ্ছে, ৮ম ও নবম শ্রেণির কোন বই পাওয়া যায় নি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বললেন, জেলার ১৪৭৫ টি স্কুলেই ২৮ ডিসেম্বরের মধ্যে বই পৌঁছেছে, আজ শিক্ষার্থীদের বিতরণ করা হচ্ছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানালেন, ২৩০ টি স্কুলে এবং এবতেদিয়াসহ ১৪৪ টি মাদ্রাসায় যেসব বই পাওয়া গেছে পৌঁছানো হয়েছে, সেগুলো আজ থেকে বিতরণ হচ্ছে।
এদিকে জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত বিশেষ শিশুদের প্রতিষ্ঠান সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের বই উৎসব ও বর্ষ বরণ উদযাপন করা হয়েছে। বেলা ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য তামিম আল ইয়ামীন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামিম আল ইয়ামীন’র সহধর্মিণী সোমেশ্বরী নদী। অনুষ্ঠান পরিচালনায় করেন স্কুলের প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরী।


