দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা পরিষদ উপ নির্বাচনে দাখিলের শেষদিনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের মনোনীত একজন, জাতীয় পার্টির মনোনীত একজন, আওয়ামী লীগের বিদ্রোহী একজন এবং স্বতন্ত্র একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার শেষদিনে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ নেতা রোটারিয়ান মো. নুরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির নেতা আবু সালেহ, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী দোয়ারাবাজার সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান এম এ বারী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু মনোনয়নপত্র জমা দেন।
এদিকে মনোনয়নপত্র জমা করার পর আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম’র সমর্থনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নুরুল আমিন’র পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সুরমা ইউপি চেয়ারম্যান এম এ হালিম বীরপ্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আবদুল খালেক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি শফিকুল ইসলাম, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়া প্রমুখ।


