স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ আনুষ্ঠানিকভাবে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী এর সার্বিক তত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক, স্বাস্থ্য বিভাগের প্রকৌশলী মো. নাহিদ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অদুদ মিয়া, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারবৃন্দ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল কাদির প্রমুখ।
এসময় প্রধান অতিথি এমপি পীর মিসবাহ বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ সহ সার্বিক উন্নয়নে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্স আজ ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার স্বল্পতাসহ জনবল পূরণের চেষ্টা করব।
তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে দেশপ্রেমিক মনোভাব নিয়ে সকলকে সহযোগিতা করতে হবে। আমরা বিশ্বম্ভরপুর উপজেলাকে সার্বিক উন্নয়নে উন্নত পরিবেশে এগিয়ে নিয়ে যেতে আন্তরিকভাবে জোর চেষ্টা করে যাচ্ছি। পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ভবন ও কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী জানান, উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা উন্নতকরণের লক্ষে ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স আজ ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১৪ কোটি ৭১ লক্ষ টাকা। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ডাক্তার থাকলেও ২ জন ডাক্তার সুনামগঞ্জ সদরে সংযুক্তিতে রয়েছেন।
তিনি আরো জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স, আয়া সহ জনবলের অনেক ঘাটতি রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনবল বৃদ্ধির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান তিনি।


