টানা দুইবার হেরে তৃতীয়বার বিজয়ী

ধর্মপাশা প্রতিনিধি
টানা দুইবার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিবারই অল্প ভোটের ব্যবধানে হেরে যান তিনি। তবুও দৃঢ় মনোবল আর জনগণের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে তৃতীয়বার অংশগ্রহণ করেন নির্বাচনে। তৃতীয়বার নির্বাচনে জনগণের প্রতি তাঁর সেই আস্থা এবং বিশ্বাসের প্রতিফলন ঘটেছে আর তিনি বিজয়ী হয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন । দুইবার হেরে তৃতীয়বার বিজীয় হওয়া এই চেয়ারম্যানের নাম নূর নবী তালুকদার। তিনি ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন থেকে নির্বাচিত হন।
নূর নবী তালুকদার ২০১১ সালে প্রথম তাঁর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। পরবর্তীতে ২০১৬ সালে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। ইউনিয়নটি পূর্ব-পশ্চিমে বিভক্ত থাকায় আঞ্চলিকতার টানে ভোটাররা বিএনপি মনোনীত প্রার্থী বিল্লাল হোসাইনকে চেয়ারম্যান নির্বাচিত করলে হেরে যান নূর নবী তালুকদার। তবুও তিনি থেমে থাকেননি। তখন থেকেই দৃঢ় মনোবল নিয়ে মাঠে কাজ করে যাচ্ছিলেন। তাই এবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, বর্তমান চেয়ারম্যান বিল্লাল হোসাইন ও আরেক স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৪ হাজার ৯০৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিল্লাল হোসাইনকে ১ হাজার ২২৫ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন।
নূর নবী তালুকদার বলেন, ‘জনগণের দাবির প্রেক্ষিতে শেষবারের মতো প্রার্থী হয়েছিলাম। জনগণের প্রতি আমার বিশ্বাস ছিল তাঁরা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। তাঁরা সেটি করেছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ এবং ঋণী।’