জগন্নাথপুরের নবনির্বাচিত জনপ্রতিধিরা শপথ নেবেন আজ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিধিরা আজ সোমবার শপথ নেবেন। উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে স্থানীয় প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাবেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্যদের (মেম্বার) শপথ বাক্য পাঠ করাবেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচিত জনপ্রতিধিদের গেজেট প্রকাশের পর আজ সোমবার তাঁরা শপথ নেবেন। শপথ গ্রহণের পর থেকে দায়িত্বপালন করতে পারবেন জনপ্রতিনিধিবৃন্দ।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে জগন্নাথপুরের কলকলিয়া, পাটলী, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে নির্বাচিত হন যথাক্রমে আংঙ্গুর মিয়া, রফিক মিয়া, শাহিদুল ইসলাম বকুল, ছদরুল ইসলাম. আবুল হাসান, আইয়ুব খান ও মখলুছ মিয়া। এছাড়াও সাতটি ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডে ২১ জন নারী সদস্য এবং ৬৩ জন সাধারণ সদস্য নির্বাচিত হয়েছিলেন।