সমন্ধির ঢিলে ভগ্নিপতি নিহত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে সমন্ধির ছুঁড়া ঢিলে ভগ্নিপতি (বোনের জামাই) মারা গেছেন। সোমবার বেলা ১১ টায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে মারা যান তিনি। রোববার বিকালে পারিবারিক কলহের জের ধরে সমন্ধির ছুঁড়া ঢিলে আহত হয়েছিলেন এই ব্যক্তি। সুনামগঞ্জ শহরতলির মোল্লাপাড়া ইউনিয়নের খাগুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আমির হোসেন (৫৫)।
পুলিশ জানায়, খাগুড়া গ্রামের আমির হোসেনের সঙ্গে তার স্ত্রী রেহেনা বেগমের রোববার বিকালে ঝগড়া হয়। স্ত্রী এই খবর পাশের বাড়িতে ভাই মোস্তফা মিয়াকে জানায়। একপর্যায়ে দুই পরিবারের লোকজন ঝগড়ায় জড়িয়ে পড়ে। এসময় সমন্ধি মোস্তফা মিয়ার ছুঁড়া ঢিল আমির হোসেনের মাথায় পড়ে যায়। গুরুতর আহত আমির হোসেন প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি দেখে রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকালে আমির হোসেন মারা যান।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এ ঘটনায় এখনো (সোমবার বেলা ৩ টা) থানায় মামলা হয়নি। তবে খুনী গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।