সু.খবর ডেস্ক
নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী।যদিও সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকবে কি না বলা যাচ্ছে না বলে জানিয়েছেন এই চিকিৎসক।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অডিটরিয়ামে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী বলেন, আমরা অনেক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, আপাতদৃষ্টিতে মেজর ব্লিডিংয়ের চান্স সম্ভবত থামানো গেছে। তারপর সিসিইউতে রেখে আমরা আরও ছয় দিন পর্যবেক্ষণ করি। তখনও দেখেছি, উনার আর ব্লিডিং হচ্ছে না। এরপর আমরা উনাকে শিফট করে কেবিনে নিয়ে আসি। এখনো তিনি কেবিনেই আছেন।
বেগম জিয়ার মেডিকেল বোর্ডের এই সদস্য আরও বলেন, একটা কথা স্পষ্ট বলে রাখা প্রয়োজন, উনার মূল যে অসুখ সেটার যে প্রসিডিউর হাই-প্রেসারের টোটাল সাপোর্টেশনের জন্য বাইপাস ট্রেন তৈরি করে দেওয়া, সেটা কিন্তু আমরা করতে পারিনি। আমরা যেটা করেছি, দৃশ্যমান বড় যে বেসিকগুলো ফেটে যাচ্ছিল সেগুলোকে ব্যান্ডিং করেছি, ব্লক করা হয়েছে। উনার অবস্থা স্টেবল আছে। কিন্তু অদূর ভবিষ্যতে আবার যে ব্লিডিং হবে না তার কোনো নিশ্চয়তা নেই।
সাবেক এই প্রধানমন্ত্রীর মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা বলছেন, বেগম জিয়ার প্রধান সমস্যা লিভার সিরোসিস। এই রোগের সর্বশেষ চিকিৎসা লিভার পরিবর্তন করা। কিন্তু আপাতত তিনি সেই শারীরিক অবস্থায় নেই।করোনা পরিস্থিতি বিবেচনায় হাসপাতাল থেকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদের সঞ্চলনায় এসময় আরও উপস্থিত ছিলেন, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. এফ এম সিদ্দিক, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, ডা. লুৎফর আজিজ, ডা. শাহরিয়ার, ডা. আরমান রেজা, ডা. আল মামুন, ডা. শামসুল আরেফিন, ডা. আবু জাফর ও ডা. কবির প্রমুখ।
গত ১৩ নভেম্বর শারীরিক অবস্থা খারাপ হলে খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতেও নেওয়া হয়েছিল তাকে। মাঝে একাধিকবার সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি পেতে সরকারের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসায় এভারকেয়ারেই চিকিৎসা নিতে হয় তাকে।
প্রায় ৮০ দিন পর মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘদিন হাসপাতালে থাকায় তিনিও বাসায় ফিরতে উদগ্রীব ছিলেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ঢাকা টাইমসকে জানান, খালেদা জিয়াকে বাসায় নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাসভবনে কর্মরত সবার করোনা টেস্ট করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে বাড়ি।
সূত্র : ঢাকাটাইমস


