দরিদ্র মানুষ ন্যায্য পাওনা পায় না: পরিকল্পনামন্ত্রী

সু.খবর ডেস্ক
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দরিদ্র মানুষের জন্য নানা ধরনের আইনের মারপ্যাঁচ। তারা তাদের ন্যায্য পাওনা পায় না।
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘স্ট্রেনদেনিং স্মল হোল্ডারস ফার্মস অ্যান্ড রুরাল এন্টারপ্রাইজ টু বেটার কপি উইথ ক্লাইমেট চেঞ্জ ইন দ্য ভালনারেবল হাওর রিজন অব বাংলাদেশ প্রজেক্ট’ নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রকৃতি আমাদের পানি, বায়ু ও মাটি দিয়েছে। কিন্তু এগুলো দরিদ্র মানুষ পায় না। হাওরে জেলেরা মাছ ধরতে পারেন না। বিলগুলো ভূমি মন্ত্রণালয় ইজারা দিয়েছে। কেন ইজারা দিয়েছে, সেটা ঠিক জানি না। তবে ভূমি মন্ত্রণালয়ের যুক্তি, বিলগুলো ইজারা না দিলে এক দিনেই সব মাছ খেয়ে ফেলবে। ইজারাদাররা নাকি উন্নয়ন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, সার্ক এগ্রিকালচার সেন্টারের (এসএসি) পরিচালক ড. বক্তার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজী ও ডব্লিউএইচএইচ-এর প্রোগ্রাম ম্যানেজার মামুনুর রশীদ।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়েস্ট হাঙ্গার হাইলফ (ডব্লিউএইচএইচ) এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ সিলেটের ঝুঁকিপূর্ণ হাওরে একটি প্রকল্প বাস্তবায়ন করবে।
সূত্র : সমকাল