বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ও সাধারন সদস্যদের শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। শপথ বাক্য পাঠের আগে সকলের পরিচিতি পর্ব শেষে নব-নির্বাচিত সদস্যগনকে রজনীগন্ধা ফুল দিয়ে সবাইকে স্বাগত জানানো হয়। শপথ বাক্য অনুষ্ঠানে উপজেলা আইসিটি টেকনিশিয়ান আলাল উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী সরকার। আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছেন। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সততার সাথে কাজ করবেন।
শপথ অনুষ্ঠানে নব-নির্বাচিত সলুকবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন সহ ৫টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলায় মোট ৫টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ১৫জন ও সাধারন আসনের ৪৫জন ইউপি সদস্য শপথ বাক্য পাঠ করেন।


