সু.খবর ডেস্ক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। আজকের কর্মসূচির পর দেশে প্রথম ডোজ টিকার আওতায় আসবে ১২ কোটি মানুষ। এক বছরের মধ্যে সব মিলিয়ে দেশে ২০ কোটি ডোজ টিকার আওতায় নিয়ে আসা হয়েছে মানুষকে। দ্বিতীয় ডোজের আওতায় এসেছে ৮ কোটি ও বুস্টার ডোজ ৩৫ লাখ মানুষকে দেওয়া হয়েছে। ভয়ের কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, এক কোটি ডোজ টিকা দেওয়ার পরও দেশে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের মানুষ টিকাবান্ধব। তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। প্রত্যেক দেশের ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ থাকলেও বাংলাদেশ সেই টার্গেট পার করে এসেছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদ টিকাকেন্দ্রে গণটিকা কাযর্ক্রম পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রয়োজনের অতিরিক্ত টিকা আমাদের হাতে আছে। আমাদের দেশে টিকার প্রয়োজন মিটে গেলে যে দেশ টিকা পায়নি সেই দেশকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এখনো যারা টিকা নেননি তাদেরকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খাঁন, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেলসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র : সমকাল


