কাদির মেম্বারের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক, বাদ জুম্মা জানাজা

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, পাগলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি, চন্দ্রপুর জামে মসজিদের মোতোয়াল্লী, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ও বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব হাজি আবদুল কাদির ওরফে কাদির মেম্বার (৬৯) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পশ্চিম পাগলা ইউনিয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আজাদ হোসেনের বাবা।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন কাজি বাড়িতে (মরহুম কাদির মেম্বার সাহেবের বাড়ি) যান। এসময় তাঁর সাথে ছিলেন মন্ত্রী পুত্র সাদাত মান্নান অভি।
মন্ত্রী বলেন, কাদির মেম্বার সাহেব অত্যন্ত ভাল মানুষ ছিলেন। সর্বজন শ্রদ্ধেয় মানুষ ছিলেন তিনি। অসুস্থতার খবর পেয়ে এর আগে দু’বার তাঁর বাড়িতে এসে তাঁকে দেখে গিয়েছি। তিনি আওয়ামীলীগের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। আমার প্রথম নির্বাচন বা তার আগে থেকেও আমাকে খুব পছন্দ করতেন। আমরা একে অন্যকে খুব ভাল করে জানতাম এবং বুঝতাম। আল্লাহ্ তাঁকে বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থানে যেনো আসীন করেন সেই দোয়া করি।
মন্ত্রী আরও বলেন, আমাদের সবাইকে একদিন এভাবেই চলে যেতে হবে। কেউ থাকবো না। কিছু নিয়েও যাবো না। কাদির মেম্বার সাহেবের মতো মানুষ সমাজে খুব দরকার। নিয়ম অনুযায়ী তিনি আজ চলে গেলেন। আল্লাহ, তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার ক্ষমতা দান করুন। আমীন।
বিভিন্ন মহলের শোক
প্রবীণ এ ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি আবদুল হেকিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি হাজি আবুল কালাল, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, সাবেক চেয়ারম্যান মো. নূরুল হক, উপজেলা তাঁতীলীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য পদপ্রার্থী মুবিন সিদ্দিকীসহ আরো অনেকে।
জানাজার নামাজ
মরহুমের নামাজে জানাজা আজ (শুক্রবার) জুম্মার নামাজের পর পরই পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজের পরে চন্দ্রপুর জামে মসজিদের সামনে গ্রামের পঞ্চায়েত কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর পরিবারের এক সদস্য। জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের উপস্থিতি ও দোকা কামনা করেছেন মরহুমের পরিবার।