স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক সংগঠন নানান কর্মসূচি পালন করে। শনিবার প্রত্যুষে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসাসহ উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
সকাল সাড়ে ৮টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে থানা পুলিশ, ফায়ারসার্ভিস ও আনসার বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এর আগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। পতাকা উত্তোলন শেষে তিনি শে^ত কপোত আকাশে উড়িয়ে দেন। বেলা সাড়ে ১১টায় উপজেলা গণমিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা আব্দুছ ছোবাহান আখঞ্জি, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুস সাহিদ প্রমুখ। সভা যৌথ সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক খসরু ওয়াহিদ চৌধুরী।


