শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের চাপতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেল ৫টায় উপজেলার সরাইলতোপা এলাকা থেকে গোলজার আহমেদ (৪৫) ও শাহাবুদ্দিন (৪০) নামে দুই জনকে আটক এবং ৬টি সেলু মেশিন ও ড্রেজারের সরঞ্জাম জব্দ করে পুলিশ থানায় নিয়ে যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাত ৯টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে দুজনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অনাদায়ে তাদেরকে আরও ২ বছরের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গোলজার ও ইউপি সদস্য আলাউদ্দিনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলনকৃত বালু দিরাই উপজেলার সওজের একটি রাস্তায় মাটি ভরাটের নামে বিক্রি করছে এই সিন্ডিকেট চক্রটি। স্থানীয়রা বালু উত্তোলন বন্ধে নিষেধ দিলেও তারা সেটি তোয়াক্কা করেনি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হলে তাদেরকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব জানান, বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়। পরে মূল হোতা গোলজার স্বেচ্ছায় এসে ধরা দেয়। এরপর দুজনকে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
- শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
- দু’বছরে ইএলজি প্রকল্পের এক কোটি টাকা থেকে বঞ্চিত তাহিরপুর উপজেলা


