ছাতক প্রতিনিধি
ছাতকে বিদেশে নেয়ার কথা বলে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ২৮ আগষ্ট সুনামগঞ্জের আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরগাতি-নোয়াগাঁও গ্রামের গেদা মোল্লার পুত্র আতাউর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে এ মামলা (নং-২৩৮/১৬) দায়ের করেন দোলারবাজার ইউনিয়নের চেলারচর গ্রামের তেরাব আলীর পুত্র জমিরুল ইসলাম। মামলাটি ছাতক উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে তদন্তাধীন রয়েছে।
জানা যায়, তবে অভিযুক্ত আতাউর রহমান মামলার বাদী জমিরুল ইসলামের মামা। আতাউর রহমানের স্ত্রী-সন্তান দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করছেন। আড়াই লাখ টাকায় ৩ মাসের মধ্যে বিদেশে পাঠানোর চুক্তি হয় মামা আতউর রহমানের সাথে। চুক্তিমত গত বছরের ২২ সেপ্টম্বর ৫জন স্বাক্ষীসহ মামার বাড়িতে উপস্থিত হয়ে জমিরুল আড়াই লাখ টাকা আতাউর রহমানের হাতে তুলে দেয়। চুক্তিমত ৩ মাস পেরিয়ে গেলে বিদেশ পাঠানোর জন্য চাপ সৃষ্টি করে জমিরুল ইসলাম। কিন্তু নানা অযুহাতে কালক্ষেপন করায় জমিরুল তার দেয়া আড়াই লাখ টাকা ফেরত চাইলে উভয় পক্ষের মধ্যে চলে আসে বিরোধ। এক পর্যায়ে গ্রাম্য সালিশের মাধ্যমে টাকা উদ্ধারের চেষ্টা করলে ব্যাপারী আতাউর রহমান সবকিছুই অস্বীকার করে মারধর করে জমিরুলকে বাড়ি থেকে বের করে দেয়। অসহায় হয়ে টাকা উদ্ধারের জন্য অবশেষে আদালতের আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন জমিরুল ইসলাম ।


