জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বাস চাপায় সায়েজ উদ্দিন (৪২) নামের এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রসুলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
সায়েজ উদ্দিন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত. আব্দুল হাসিমের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সায়েজ উদ্দিন নিজ জমি থেকে পাকা টমেটো নিয়ে স্থানীয় ইনাতগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিক্সায় উঠতে গেলে ঢাকা থেকে জগন্নাথপুরগামী আল-মোবারাকা বাস তাকে ধাক্কা দিয়ে ডান পায়ের উপর চাপা দিয়ে চলে যায়। এতে মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


