জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজ্জাদ মাহমুদ তালুকদারের বিরুদ্ধে অনিয়ম—দুর্নীতির একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার পরিষদের ১২ জন সদস্য স্বাক্ষরিত এ অভিযোগটি দায়ের করা হয়।
অভিযোগে জানা যায়, চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন পরিষদে নানা অনিয়ম, অনাচার ও স্বেচ্ছাচারিতা করে আসছেন। হঠাৎ করে সদস্যদের না জানিয়ে মাসিক সভা ডেকে এজেন্ডাবিহীন রেজুলেশন তৈরি করা হয়। এতে কখন কি পরিমাণ বরাদ্দ আসে তা সদস্যদের জানানো হয় না। পরিষদের নির্বাচিত সদস্যরা চেয়ারম্যানের অনিয়ম—দুর্নীতির বিরোধিতা করলে তাদেরকে প্রকল্প বরাদ্দ থেকেও বঞ্চিত করা হচ্ছে। ২০১৭ সালে পরিষদ গঠন করার পর থেকে অদ্যাবধি হোল্ডিং টেক্স, ট্রেড লাইসেন্স ফি বাবদ আয় হওয়া টাকা কোন খাতে ব্যয় করা হচ্ছে তা চেয়ারম্যান ও সচিবকে জিজ্ঞেস করা হলেও সভায় তারা তা অবহিত করেন না। এমনকি এনজিওর মাধ্যমে প্রায় ১৫ লাখ টাকা হোল্ডিং কর আদায় হলেও তা পরিষদে জমা দেওয়া হচ্ছে না। এছাড়া এখন পর্যন্ত ভূমি হস্তান্তর কর ও হাটবাজার খাতে কত টাকা আয় কিংবা ব্যয় হয়েছে তাও জানানো হয়নি সদস্যদের।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, জন্ম নিবন্ধনেও সাধারণ মানুষকে চরমভাবে হয়রানির শিকার করা হচ্ছে। ক্ষমতাধর এই চেয়ারম্যান এলজিএসপির সকল কাজ থেকে ৩০ ভাগ কমিশন অবৈধভাবে আদায় করে আসছেন। চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদের পিতা একজন যুদ্ধাপরাধী মামলার আসামী ছিলেন। এরই অংশ হিসেবে তার অবস্থানও স্বাধীনতার বিরুদ্ধে। সে হিসেবে জাতীয় শোক দিবসে পরিষদে ড্রপডাউন ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগে সাময়িক বরখাস্তের মামলা খরচ বাবদ ৮ লাখ টাকা ইউপি সদস্যদের নিকট থেকে চাঁদা দাবি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার বলেন, অভিযোগের ব্যাপারে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে যারা অভিযোগ করেছে তাদের উদ্দেশ্য আমাকে সামাজিকভাবে হেয়—প্রতিপন্ন করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, আমি বাহিরে আছি। শুনেছি সদর চেয়ারম্যানের বিরুদ্ধে আমার অফিসে একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- জগন্নাথপুরে ব্যবসায়ী মাছুম হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
- হাওরের সমস্যার স্থায়ী সমাধানে জয়া সেনগুপ্তার ছয় প্রস্তাব


