গুরুতর অসদাচারণ ও আর্থিক অনিয়মের শাস্তি কেবল বদলি!

বিশেষ প্রতিনিধি
শাল্লা উপজেলার আলোচিত সেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তাকে কেবল খুলনার তেরখাদা উপজেলায় বদলি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক আদেশে বৃহস্পতিবার এ কথা জানানো হয়। অধিদপ্তরের ওয়েবসাইটে বৃহস্পতিবার দুপুরে এই আদেশ আপলোড করা হয়।
জনস্বার্থে এই বদলির আদেশ জারি করা হলো উল্লেখ করে আদেশে বলা হয়, নয় মে তারিখের মধ্যে এই কর্মকর্তা বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় এই তারিখ অপরাহৃে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।
সুনামগঞ্জের প্রত্যন্ত শাল্লা উপজেলার বেপরোয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান আড়াই বছর ধরে অফিস না করেই বেতন নিচ্ছেন। তার এমন নিয়ম বহির্ভূত আচরণ নিয়ে গেল ১০ মার্চ দৈনিক সুনামগঞ্জের খবরে, ‘তিনি বেতন তুলেন কিভাবে?’ শীর্ষক বিশেষ প্রতিবেদন ছাপা হয়। নোয়াখালি জেলার বাসিন্দা এই কর্মকর্তা আইনের প্রতি একেবারেই শ্রদ্ধাশীল ছিলেন না। শিক্ষা বিভাগ অসহায় ছিল তার কাছে। জেলা প্রশাসকও তার এমন আচরণের কথা চিঠি দিয়ে উর্ধ্বতন কর্তর্ৃপক্ষকে জানান।
দৈনিক সুনামগঞ্জের খবরে এই বিষয়ে সংবাদ ছাপা হবার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি তদন্তের জন্য সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দকে দায়িত্ব দেয়। নীলিমা চন্দ সরেজমিনে তদন্তের জন্য শাল্লায় গেলে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলে তার এহেন আচরণের কথা জানান।
অধ্যক্ষ নীলিমা চন্দ জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে গেল পাঁচ এপ্রিল এই বিষয়ে তদন্ত রিপোর্ট জমা দেন তিনি। তদন্তে রিপোর্টে কি উল্লেখ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি ওই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেবার সুপারিশ করেছি, এর বেশি আমার কিছু করার নেই।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমও এই বিষয়ে মন্তব্য করতে অপারগতা জানান। তবে এই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিয়ম বহিভুর্তভাবে গেল আড়াই বছর চাকুরি করেছেন মন্তব্য করে তিনি বলেন, এসব বিষয় সকল উর্ধ্বতন কতৃর্পক্ষকে ইতিপূর্বে কয়েকবার লিখিতভাবে জানানো হয়েছে।
আজিজুর রহমানের কাছে তার বদলির বিষয়ে জানতে চাইলে তিনি পরিচয় দিতেই ফোন কেটে দেন। এরপর আর ফোন রিসিভ করেননি তিনি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমদ ফোন রিসিভ না করায় এই বিষয়ে বক্তব্য নেওয়া যায় নি।