দিরাই সংবাদদাতা
দিরাইয়ে পোনামাছ বিক্রির দায়ে এক মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম দিরাই মাছ বাজারে চান্দপুর গ্রামের জগদীশ বর্মনের ছেলে অজিত বর্মনকে পোনা মাছ বিক্রি করতে দেখে সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে নিয়ে আসেন। এসময় দেশীয় প্রজাতির বোয়াল মাছের পোনা মাছ জব্দ করা হয়।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর বিধি ৪ লঙ্ঘনের দায়ে দিরাই সহকারি কমিশনার (ভূমি) অরুপ রতন সিংহ অজিত দাসকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, চান্দপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি গোপেশ বর্মন প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, পোনামাছ নিধন রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরপরও কেউ কেউ পোনা মাছ ধরছে ও বাজারে বিক্রি করছে। আমরা যাদের পাচ্ছি তাদের বিরুদ্ধে সাথেই সাথেই আইনী ব্যবস্থা নিচ্ছি।


