জগন্নাথপুরে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

জগন্নাথপুর অফিস
অব্যাহত ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে জগন্নাথপুরের নিম্নাঞ্চলের লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন। ডুবে যাচ্ছে গ্রামীণ রাস্তা ঘাট। এতে করে দুর্ভোগে পড়ছেন মানুষজন।
রবিবার ভবের বাজার—সৈয়দপুর—নয়াবন্দর সড়কের সৈয়দপুর এলাকায় পানিতে তলিয়ে গেছে। ফলে এ সড়কে উপজেলা সদরের সঙ্গে সরাসরি যানচ লাচল বন্ধ হয়েছে। এছাড়া পাটলী ইউনিয়নের লামারসুলগঞ্জ ও লাউতলা সড়কের পানিতে ডুবে যাওয়া যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে।
উপজেলার কুশিয়ারার ও নলজুর নদীসহ বিভিন্ন নদ—নদী ও হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন।
এদিকে রবিবার বিকেলে বন্যা পরিস্থিতি নিয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা জানান, উজান থেকে বন্যার পানিতে ভাটি অঞ্চলে প্লাবিত হচ্ছে। বেশ কিছু গ্রামীণ রাস্তাঘাট পানিতে ডুবেছে। তবে এখনো পরিস্থিতি ভালো রয়েছে। উজানের পানি নামলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
নলুয়া হাওয় বেষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, ইউনিয়নের নিচু এলাকার ১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এরমধ্যে কয়েকটি বসতঘরে পানি প্রবেশ করায় ৫টি পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। ইউনিয়নের সব জায়গায় গবাদিপশুর খড়ের ঘরগুলো পানিতে তলিয়ে গেছে। ফলে তীব্র গো—খাদ্য সংকট দেখা দিয়েছে বলে তিনি জানান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বলেন, আমরা পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখছি। এরমধ্যে পানিবন্দি পরিবারের লোকজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।