ভারতীয় খাসিয়াদের গুলিতে ৪ বাংলাদেশী আহত

দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও-মোকামছড়া সীমান্তের ওপারে সুপারি চুরি করতে গিয়ে ভারতীয় খাসিয়াদের ছিটা গুলিতে ৪ বাংলাদেশী আহত হয়েছে। সোমবার (৩০ মে) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। রাতেই আহতদের দুজনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর।
গুলিবিদ্ধদের বাড়ি সীমান্তের বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া ও ঝুমগাঁও গ্রামে। আহতরা হলো মাসুক আলী, ইমান আলী, নয়ন ও ঝুমগাঁও গ্রামের সুমন। আহতদের মধ্যে দুই সহোদর মাসুক আলী ও ইমান আলীকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সীমান্তের পেকপাড়া গ্রামের ওয়াজিদ আলীর ছেলে। অন্য দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
পুলিশ জানায়, স্থানীয়দের ৭-৮ জনের একটি দল সীমান্ত পাড় হয়ে ভারতীয় সীমানায় সুপারি ছুরি করতে যায়। পরে আসার সময় খাসিয়াদের ছিটা গুলিতে আহত হয় ৪ জন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর জানান, সীমান্ত পাড় হয়ে গাছ থেকে পাড়া খাসিয়াদের সুপারি নিয়ে আসতে চাইলে ছিটা গুলিতে ৪ জন আহত হয়েছে। এরা একসঙ্গে ৭-৮ জনের দল ছিলো। সবাই দৌড়ে চলে এসেছে। এ ঘটনায় সীমান্তে কোন উত্তেজনা নেই।
সুনামগঞ্জ ২৮ রাইফেল বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান জানান, এই বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় নি। ছড়া গুলিতে আহত দুইজন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, এটি আমরাও জেনেছি। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন এরা ওখানে গিয়েছিল, কারা গুলি করেছে, এই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।