ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ধুবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দানিছুর রহমান চৌধুরীর বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগের সত্যতা পাওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার দুপুরে সংশ্লিষ্ট তদন্ত কমিটির পক্ষ থেকে প্রতিবেদন পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওই শিক্ষককে বরখাস্ত করেন।
দানিছুর রহমানের বিরুদ্ধে গত ২৪ মে দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক ছাত্রীর শ্লীলতাহানী করে বলে অভিযোগ উঠে। খবর পেয়ে ছাত্রীর মা ওইদিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ঘটনার পরের দিন বিকেলে ছাত্রীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। পরে ওইদিন রাতেই ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে ধর্মপাশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গত সোমবার দুপুরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল ও আহসান উল্লাহ মুকুল বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান বলেন, ‘ওই শিক্ষক একটি গর্হিত কাজ করেছেন। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।’
- মিডিয়া ফেলোশিপ সম্মাননা পেলেন আসাদ
- বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ, চ্যাম্পিয়ন ধর্মপাশা ও সুনামগঞ্জ সদর


