স্টাফ রিপোর্টার
‘সত্তর ও আশির দশকে সুনামগঞ্জে সাহিত্য চর্চা এবং আমরা কতিপয় তরুণ সাহিত্যসেবী’ স্মৃতিচারণমূলক সংকলন/প্রকাশনার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ জুন ঢাকার ইস্কাটনে বিয়াম মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন কবি মুতাসিম আলী।
সভায় ‘আমরা কতিপয় তরুন সাহিত্যসেবী’ সংক্রান্ত স্মৃতিচারণমূলক সংকলন প্রকাশনায় একমত পোষণ করা হয়। এসময় দেশে বিদেশে সাহিত্যসেবী সদস্যদের সাথে যোগাযোগ করে লেখা সংগ্রহ সহ সার্বিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্তও গৃহীত হয়।
এছাড়াও সভায় ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব করা হয়। প্রস্তাবিত কমিটি দেশে বিদেশে থাকা সদস্যদের মতামত ও পরামর্শে ভার্চ্যুয়াল মিটিং এ উপস্থাপনের মাধ্যমে চূড়ান্ত করা হবে।
প্রস্তাবিত কমিটির আহ্বায়ক হলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আশরাফ আহমদ, সাইদা নাইম জাহান বিউটি, সদস্য সচিব কবি মুতাসিম আলী, প্রচার সচিব সায়েজ বদরুল।
সভার শুরুতে সুনামগঞ্জের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের প্রয়াত কীর্তিমানদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভা সমাপ্তির পূর্বে ড. মোহাম্মদ সাদিক এর প্রস্তাবনায় স্বাধীনতা পরবর্তী সময়ে সুনামগঞ্জের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে বিশেষত আধুনিক কবিতা আন্দোলনে অবিস্মরণীয় অবদানের জন্য সর্বসম্মতিক্রমে কবি মুতাসিম আলী কে সুনামগঞ্জের পক্ষ থেকে করতালির মাধ্যমে অভিনন্দন জানানো হয়।
মনোজ্ঞ কবিতাপাঠ ও গানের মাধ্যমে শেষ হয় স্মৃতিচারণ মূলক আয়োজন।
সভায় উপস্থিত ছিলেন মিফতা উদ্দীন চৌধুরী রুমী, ড. মোহাম্মদ সাদিক, ইশতিয়াক আহমেদ তিতু, আশরাফ আহমদ, মুতাসিম আলী, হোসনে জাহান চৌধুরী, গোলাম রব্বানী চৌধুরী, জেসমিন আরা বেগম, সাইদা নাইম জাহান বিউটি, সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য, সায়েজ বদরুল ও সাব্রী সাবেরীন।


