দিরাইয়ে ঝড়ে নৌকাডুবিতে দুই জনের মৃত্যু

দিরাই সংবাদদাতা
দিরাইয়ে ঝড়ের কবলে নৌকাডুবিতে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে চাপতির হাওরে হাঁসের খাবার আনতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাটি। নৌকা ডুবির পর সাথে সাথে একজনকে উদ্ধার করা গেলেও দুই জনের সলিল সমাধি হয়। রাত থেকে হাওরে খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার নিখোঁজ মুজিবুর রহমান (৫০) ও আনহার মিয়া (২০) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাপতির হাওড়ের কালীভুই বিলের পাশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত দুজনই দিরাই পৌর শহরের চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান কবির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার রাতে চাপতির হাওড়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। ঝড়ের কবলে পড়া নৌকায় অবস্থান করা পারভেজ (২৫) নামে অন্য একজনকে মুমূর্ষু অবস্থায় জীবিত উদ্ধার করে স্থানীয় একটি নৌকার মাঝিরা। পরে চিকিৎসার জন্য দিরাই হাসপাতালে ভর্তি করা হয় পারভেজকে। হাঁসের জন্য খাবার সংগ্রহ করতে ছোট নৌকা করে চাপতির হাওরে যায় তারা।
দিরাই থানার (ওসি) তদন্ত মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে নৌকা ডুবির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু ঝড়ো বাতাস থাকায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। সকালে তাদের খোঁজে উদ্ধার অভিযান চালালে লাশ পাওয়া যায়।