জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে শাশুড়ি ও ননদের সাথে ঝগড়া করে গত ৪ দিন ধরে আঁখি আক্তার (২৭) নামের এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পরদিন রবিবার ওই গৃহবধূর বাবা জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
জানা গেছে, ৭ বছর আগে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের কামাল হোসেনের মেয়ে আঁখি আক্তার সাথে সুবিধপুর গ্রামের ছাদিক মিয়ার বিবাহ হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী সৌদিআরবে চলে যান। এরপর থেকে প্রায় সময় আঁখির সঙ্গে শাশুড়ি ও ননদের ঝগড়া হত। গত শনিবার দুপুরে আখি তাঁর ৫ বছরের কন্যা শিশুকে স্বামী বাড়িতে রেখে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে ওই গৃহবধূ নিখোঁজ রয়েছেন।
গৃহবধূর চাচাত ভাই আলীম আহমদে জানান, আমার বোনের সাথে তার শাশুড়ি ও ননদ প্রায়ই ঝগড়া করত। শনিবার রাতে বিদেশ থেকে আমার বোন জামাই মুঠোফোনে জানান আঁখি আমাদের বাড়িতে এসেছে! তবে সে আমাদের বাড়িতে আসেনি এবং আত্মীয় স্বজনদের বাড়িও যায়নি।
ওই গৃহবধূর শাশুড়ি নেওয়া বেগম বলেন, ঘটনার দিন তার সাথে আমাদের কোন ঝগড়া হয়নি। দুপুরে হঠাৎ সে কাউকে কিছু না বলে মেয়েকে রেখেই একা একা বাবার বাড়িতে চলে যায়।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন, জিডি’র পর থেকে আঁখি আক্তারের সন্ধানে আমরা কাজ করে যাচ্ছি।
- ‘সবাইকে নিয়েই উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী’
- দিরাইয়ে শিক্ষা উপকরণ সহ আর্থিক সহায়তা পাবে ৮৮০ পরিবার


