স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় হাছনপুর হাজী কুদ্রত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ক্রমে চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার বিকাল ৩ টায় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে।
পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় উলুতুলু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাছনপুর হাজী কুদ্রত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় হাছনপুর হাজী কুদ্রত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়ী হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর প্রমুখ।


