জেলায় শুরু হয়নি টিসিবির পণ্য বিক্রি

স্টাফ রিপোর্টার
দেশব্যাপী মঙ্গলবার থেকে শুরু হয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম। তবে জেলার সব উপজেলার ফ্যামেলী কার্ডের তালিকা জমা না দেয়ায় সুনামগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়নি। টিসিবির পণ্য ৪৫টি কেন্দ্রে বিক্রয় করা হবে। নির্ধারিত ম্ূেল্য পণ্য কিনতে পারবেন জেলার ১ লাখ ১৪ হাজার ৯১২ জন কার্ডধারী।
টিসিবির আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বশীলরা জানান, সিলেট বিভাগের অন্য তিন জেলা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
জানা যায়, এই দফায় নিন্ম আয়ের কার্ডধারী ভোক্তা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রয় হবে। তবে পেঁয়াজ বিক্রয় হবে শুধু সিটি কর্পোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে।
প্রসঙ্গত, এখন আগের মতো ট্র্যাকে করে পণ্য বিক্রি করবে না টিসিবি। শুধু পরিবার কার্ডের মাধ্যমে পরিবেশকের দোকানে বা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করা হবে। আগে পণ্য বিতরণে যে বিশৃঙ্খলা হতো, এতে তা দূর হবে।
টিসিবি’র সিলেটের আঞ্চলিক কর্মকর্তা (উপ পরিচালক) মো. ইসমাইল মজুমদার বলেন, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। ৪১ জন ডিলার পণ্য তুলেছেন। এরমধ্যে হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৪, সিলেটে ১ জন।
তিনি বলেন, সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার মধ্যে ৭ উপজেলার ফ্যামেলী কার্ডের তালিকা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জমা দেয়া হয়েছে। অন্য উপজেলার তালিকা এখনো আমাদের কাছে জমা দেয়া হয়নি। যেগুলো পাওয়া গেছে, সেগুলো দিয়েই টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু করার চেষ্টা হচ্ছে।