শ্রীকৃষ্ণের আবির্ভাব মহোৎসব উপলক্ষে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার
পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব মহোৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার ভোরে বৈদিক স্ত্রোত্র পাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন। এছাড়াও সকাল ৯টায় চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১০টায় আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায় ভগবান শ্রী কৃষ্ণের প্রতিকৃতিসহ মঙ্গল শোভাযাত্রা, দুপুর ১২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।
কেন্দ্রীয় কালীবাড়ী নাট মন্দিরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। এছাড়াও উপস্থিত থাকবেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশ্বর দাশ প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা ও সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা, সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ।