ক্ষুব্ধ চেয়ারম্যানগণ

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ২৫ লাখ টাকা ফেরত যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চেয়ারম্যানরা। বৃহস্পতিবার তাহিরপুর উপজেলার মাসিক সমন্বয় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ক্ষোভ প্রকাশ করেন।
তাহিরপুর উপজেলা পরিষদের সদস্য বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, তাহিরপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে ৩০ জুনের পূর্বে ২৫ লক্ষ টাকা থোক বরাদ্দ আসে। ঐ টাকার আয়ন-ব্যয়ন প্রধান কর্মকর্তা হলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পরিষদের সদস্যদের মতামতের অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প অনুমোদন করতে হয়। সে ক্ষেত্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান ২৫ লক্ষ টাকা উত্তোলনের বিষয়ে কোন ধরনের পদক্ষেপ না নেয়ায় পরিষদের সদস্যরা হতবাক হয়েছেন। যে কারণে জুন মাসের পর থেকে তাহিরপুর উপজেলা পরিষদে নিয়মিত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়নি। বৃহস্পতিবার উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় উপস্থিত উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ৬ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনূছ আলী বলেন, আমাদের ৭ জন চেয়ারম্যানের পক্ষ থেকে বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এই নিন্দা প্রস্তাব এনেছেন। এ বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি। তিনি আরো বলেন, তাহিরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর রাস্তাঘাট খুবই খারাপ। বিশেষ করে উপজেলা পর্যায়ে সভা সেমিনার করার জন্য বড় একটি হল রুম নেই। এ অবস্থায় ২৫ লক্ষ টাকা প্রয়োজন ছিল।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসা ২৫ লক্ষ টাকা ফেরত যাওয়ায় উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় উপস্থিত ৬ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সভায় নিন্দা প্রস্তাব এনেছেন।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, সরকারি ম্যানুয়েল অনুসরণ করে উপজেলা পরিষদ চলে। ২৫ লক্ষ টাকা উত্তোলনের বিষয়ে উপজেলা পরিষদের ম্যানুয়ালে পড়েনি বিধায় টাকা ফেরত পাঠানো হয়েছে।