স্টাফ রিপোর্টার
এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ৭টি নির্দেশনা দিয়েছে সিলেটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নির্দেশনার মধ্যে রয়েছে-
পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে। তাই পরীক্ষা সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তির পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযথা ঘোরাফেরা করা সম্পূর্ণরূপে নিষেধ।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।
প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন, ২০০৬ এবং ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২ সেপ্টেম্বর ২০২২ থেকে ২ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত সব ধরণের কোচিং সেন্টার বন্ধ থাকবে।
পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় কোন ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যে কোন ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ থাকবে; নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
শিক্ষার্থী ও অভিভাবকগণ সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোন মাধ্যমের গুজব থেকে বিরত থাকুন।
আগামীকাল ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই পরীক্ষা শেষ হবে ১ অক্টোবর। অন্যদিকে, ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।
কোনদিন কোন পরীক্ষা
১৫ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ১৭ সেপ্টেম্বর বাংলা (আব্যশিক) দ্বিতীয় পত্র, ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র, ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, ২৫ সেপ্টেম্বর গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), ২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ, ২৭ সেপ্টেম্বর ভূগোল ও পরিবেশ, ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি, ২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান এবং ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়)।
প্রসঙ্গত, চলতি বছরের ১৯ জুন এ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট বিভাগসহ ময়মনসিংহ অঞ্চল ও উত্তরাঞ্চলের কিছু জেলাতে বন্যার কারণে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সীমা ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে। পরীক্ষা শুরু হবে সকাল ১১ টায় এবং শেষ হবে দুপুর ১ টায়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার সময় এমসিকিউ ২০ মিনিট, লিখিত বা সিকিউ ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।
- আন্তর্জাতিক অস্থিরতায় বাংলাদেশ মূল্যস্ফীতির চাপে রয়েছে পরিকল্পনামন্ত্রী
- প্রশ্নফাঁসের সুযোগ নেই, গুজব ছড়ালে ব্যবস্থা -শিক্ষামন্ত্রী


