বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

জামালগঞ্জ সংবাদদাতা
জামালগঞ্জ উপজেলায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প স্বাক্ষরতা শেখানোর প্রচেষ্টা ইউইআরডি সংস্থা কর্তৃক বাস্তবায়নে উপজেলার ৬০০ জন শিক্ষক শিক্ষিকা ও ১৫ জন সুপারভাইজারের বকেয় বেতন ভাতার দাবিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ গেইটের সামনে ইউইআরডির সুপারভাইজার ও শিক্ষকদের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সুপারভাইজার নাদিম মাহমুদ। শিক্ষক নাজমুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন আলমগীর হোসেন, নাজমুল হাসান, আলী আকবর, দেবাশীষ রায় ও মো. শেরে আলম প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তাগণ বলেন, ৬ মাসের প্রকল্প বাস্তবায়নকালে শিক্ষক শিক্ষিকা ও সুপারভাইজারদের এক মাসের বেতন পরিশোধ করা হয়। বাকি ৫ মাসের বকেয়া বেতন পরিশোধ না করে সংস্থার লোকজন অফিস তালাবদ্ধ করে চলে যায়। তাদের সাথে বারবার যোগাযোগ করা হলেও তারা কোন প্রকার ফোন রিসিভ করেননি। তাই আমরা আমাদের পরিশ্রমের ৫ মাসের বকেয়া বেতন প্রাপ্তির দাবি জানাচ্ছি।