স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী ভাস্কর্য নির্মাণ, শিক্ষার্থীদের জন্য পরিবহন, ছাত্রাবাস, এবং প্রিলি মাস্টার্স কোর্স চালু, পুরাতন টিসসেড পুন:নির্মাণ ও মাঠে মাটি ভরাটের দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে।
সোমবার সকালে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে জেলা প্রশাসক ও সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর এই স্মারকলিপি প্রদান করে জেলা ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ মো. মহসিন, শিক্ষার্থী শেখ তাবাসুম, মো. আকবর, মো. রুমান হোসেন, মো. মাহফুজ প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ দেশ ও মানুষের পক্ষে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। এই বিদ্যাপীঠ থেকে শিক্ষাগ্রহণ করে দেশে বিদেশে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সাহিত্যচর্চায় সুনাম অর্জন করে চলেছেন শিক্ষার্থীরা। আমরা কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী ভাস্কর্য চাই।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, কলেজে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী রয়েছে, কিন্তু পরিবহন ব্যবস্থা নেই। কলেজ ছাত্রাবাস না থাকায় দূর দূরান্তের শিক্ষার্থীরা চরম আবাসন সংকটে রয়েছে। এছাড়াও নেই মাস্টার্স প্রিলি ব্যবস্থাপনা। এজন্য অনেকে পাস কোর্স করে শিক্ষা জীবনের ইতি টানে। স্মারকলিপিতে কলেজের পুরাতন টিনসেড ঘর পুন:নির্মাণ এবং বছরের ৬ মাস পানির নিচে থাকা কলেজের পশ্চিমপাশের মাঠে মাটি ভরাটের দাবি জানানো হয়।


