স্টাফ রিপোর্টার
অর্থাভাবে হাওরবেষ্টিত সুনামগঞ্জের মেধাবী কোন শিক্ষার্থীর যেন পড়াশুনা বন্ধ না হয়। সেই লক্ষ্যে ‘সুনামগঞ্জ জেলা প্রশাসক কল্যাণ ট্রাস্ট’ নামে শিক্ষায় সেবামূলক ট্রাস্ট গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার উন্নয়নে এই উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
স্থানীয় রাজস্ব তহবিল হতে দেওয়া এককালীন অনুদানকৃত বড় অংকের টাকা দিয়ে এই ট্রাস্টের সূচনা হবে আজ বুধবার। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন আজ বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫০ জন অদম্য মেধাবী ও দুঃস্থ ও অসহায় দূরারোগ্য ব্যধিগ্রস্তকে ১০ হাজার টাকা করে সহায়তা বিতরণের মাধ্যমে ট্রাস্টের উদ্বোধন করবেন।
দেশের যে কোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা অদম্য মেধাবীরা এই ট্রাস্ট থেকে সহায়তা পাবেন। এই ট্রাস্ট থেকে প্রাপ্ত সহায়তা কালেক্টরেটের কর্মকর্তা—কর্মচারীর সন্তান সন্ততিদের জন্য ৫০ শতাংশ সংরক্ষিত থাকবে।
ট্রাস্টের একমাত্র উপদেষ্টা সিলেটের বিভাগীয় কমিশনার, সভাপতি সুনামগঞ্জের জেলা প্রশাসক, সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কোষাধ্যক্ষ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। বিভিন্ন শ্রেণি—পেশার ট্রাস্টের সদস্য সংখ্যা ২৪ জন। উপকারভোগী বাছাইয়ের জন্য রয়েছে আলাদা কমিটি।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন,‘ ট্রাস্ট’এর যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। আজ বিভাগীয় কমিশনার স্যার ট্রাস্ট থেকে ৩১ অদম্য মেধাবীকে শিক্ষা সহায়তা ও ১৯ জন দুঃস্থ ও অসহায় দূরারোগ্য ব্যধিগ্রস্তকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা তোলে দিবেন।’
জেলা প্রশাসক আরও জানান, সুনামগঞ্জে তিনি যোগদানের সময় স্থানীয় রাজস্ব তহবিলে (এল আর ফান্ডে) টাকা একেবারে কম ছিল। এখন এটি বড় তহবিল। তিনি চান এই টাকা যেন মানুষের অতি জরুরি কাজে লাগে। বিশেষ করে অদম্য শিক্ষার্থীরা যেন এই ট্রাস্টের সহায়তায় সামনে এগিয়ে যেতে পারে।
- কয়লা পরিবহনকারী নৌকাতে চাঁদাবাজির ঘটনায় মামলা
- দিরাইয়ে আ.লীগের নয়া সভাপতি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


