স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে দুদিনব্যাপী অনুষ্ঠিত আন্তঃউপজেলা কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। কামরুল মালের নৈপুণ্যে হেরে যায় বিশ^ম্ভরপুর উপজেলা। রানার্সআপ এই উপজেলা (বিশ^ম্ভরপুর) দল।
রোববার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুস্তি প্রতিযোগিতার ফাইনাল খেলা। দ্বিতীয় দিনের খেলায় দর্শক উপস্থিতিও বাড়ে। মাঠে নামে চিরপ্রতিদ্বন্দ্বী বিশ্বম্ভপুর ও সুনামগঞ্জ সদর উপজেলা। প্রথম দিকে সব মালের খেলা ড্র হতে থাকে। পরবর্তীতে একে একে আট নম্বর খেলোয়ার কামরুল মাল মাঠে এসে একাই পরাস্ত করেন বিশ্বম্ভপুরের দুই মালকে। এর সাথে সাথে সুনামগঞ্জ সদর উপজেলা এগিয়ে যায় চ্যাম্পিয়নের দৌড়ে। কামরুলের অসাধারণ নৈপুণ্যে চ্যাম্পিয়ন হয় সুনামগঞ্জ সদর উপজেলা। কামরুল নির্বাচিত হন সেরা খেলোয়াড় হিসেবে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে নগদ টাকা ও পুরষ্কার বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিজয়ী দলকে নগদ ৫০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারী দলকে ২০ হাজার করে নগদ টাকা দেয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সিরাজুর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, কুস্তি আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান সহ অন্যান্যরা।
কুস্তি আয়োজন কমিটির আহবায়ক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন বললেন, সুনামগঞ্জে কুস্তি ব্যাপক জনপ্রিয় খেলা। আমরা এই খেলাকে প্রসার ও প্রচারের জন্য কাজ করছি। এবার শুরু হলো জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতা। আগামীতে আমরা টিকেট ছাড়াই এই খেলার আয়োজন করব।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বললেন, আমি আসার প্রথম দিনেই এতো বড় একটা আয়োজন পেলাম, এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্যের বিষয়। আমি যেন ঠিকমতো সুনামগঞ্জে কাজ করতে পারি সেই দোয়া করবেন।
- জাতীর মর্যাদা বাড়ানোর জন্য জাতীয় ঐক্য প্রয়োজন -পরিকল্পনা মন্ত্রী
- আনন্দ সরকার হত্যাকাণ্ড, রহস্য উন্মোচিত হয়নি তিন বছরেও


