জামালগঞ্জে আমনের বাম্পার ফলনে খুশি কৃষক

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ভাল ফলনের সাথে মিলছে দামও। দাম ভাল পাওয়ায় খুশি কৃষকরা।
কৃষকরা জানিয়েছেন, এ বছর আমনের ভালো ফলনের পাশাপাশী ভালো দামও পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যারা আমন ধান বিক্রি করেছেন তারা ভালো দাম পেয়েছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এবার জামালগঞ্জে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল চার হাজার দুইশত আশি হেক্টর। তবে চলতি মৌসুমে ৪ হাজার ৪৪৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবছর একশত পয়ষট্রি হেক্টর জমিতে রোপা আমনের চাষ বেশী হয়েছে।
উপজেলা ভীমখালী ইউনিয়নের কৃষক আতিকুজ্জান বলেন, ২২ বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। ১০ বিঘা জমির ধান কাটা হয়েছে। প্রতি বিঘায় ১২ থেকে ১৫ মন ধান হয়েছে। অন্যগুলোতে একই রকম ধান হবে আশা করি। দাম ভালো থাকায় আমরা খুশি। জমি থেকে সরাসরি ১ হাজার ৫০ টাকা মন বিক্রি হচ্ছে। তিনি আরও জানান, এ বছর কারেন্ট পোকাসহ বিভিন্ন পোকার আক্রমন তেমন একটা ছিল না। গত বছরের তুলনা এ বছর ধানের ফলন ভাল হয়েছে।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাব উদ্দিন জানান, বোরো সংগ্রহের মত আমন ধানও এ্যাপসের মাধ্যমে সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে কৃষকদের মাঝে প্রচার প্রচারণা চালানো হয়েছে। তবে এখনও কৃষকরা বাইরে বেশী দাম পাওয়ায় সরকারি গোদামে ধান বিক্রি করতে আগ্রহী হচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন জানান, উপজেলার ৪৪৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এ পর্যন্ত ৩০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। আশা করি ডিসেম্বর মাসের মধ্যেই ধান কেটে কৃষকরা তাদের সোনালী ফসল ঘরে তুলতে পারবে। আবহাওয়া অনুকূলে থাকায় চাষীরা অনেক জমিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে খুব দ্রুত ধান কাটতে পারছে। ধানের ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষরা লাভবান হচ্ছেন।