এ আর জুয়েল
“প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে” গানটি প্রতারণার মাধ্যমে একটি চলচ্চিত্রে ব্যবহারের অভিযোগে গীতিকার কবির বুকল ও চলচ্চিত্র পরিচালক পি এ কাজল’র বিরুদ্ধে সমন জারি করেছেন সুনামগঞ্জ সদর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। মঙ্গলবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ সদর আদালতের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দেলোয়ার হোসেন এই আদেশ দেন।
গত ১৩ এপ্রিল প্রতারণার এই মামলা দায়েরের পর আদালত জেলা শিল্পকলা একাডেমীকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেবার আদেশ দেন। জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন ঘটনার সত্যতা
স্বীকার করে মঙ্গলবার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করলে আদালত বিবাদীদের বিরুদ্ধে সমন জারীর আদেশ দেন।
প্রসঙ্গত. গানটির গীতিকার সুনামগঞ্জ শহরতলির আপ্তাবনগরের পল্লিবাউল জবান আলী তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, বাউল জবান আলীর রচিত গানটি “প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে” জনপ্রিয় কন্ঠশিল্পী কুর্মা বিশ্বজিৎ তার রোদেলা দুপুর অ্যালব্যামে গেয়েছিলেন। এছাড়াও গানটি বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছিল। তার এই গানটি চলচ্চিত্র পরিচালক পি এ কাজল সংগ্রহ করে তার পরিচালিত একটি ছবি “পিরিেিতর আগুন জ্বলে দ্বিগুণ” এ গীতিকার বাউল জবান আলীর অুনমতি না নিয়ে গানের অনেক শব্দ পরিবর্তন করে গানটির গীতিকার হিসাবে কবির বকুলের নাম লাগিয়ে ব্যবহার করে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ করা হয়।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. জহির আহমদ সোনা মিয়া, অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন ও অ্যাড. কামাল হোসেন।


