জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে শীতকালীন টমেটো চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষাণিরা। কম সময়ে বেশী লাভ হওয়ায় সবজি আগ্রহ বাড়ছে তাদের। পুরুষের পাশাপাশি নারীদের কৃষি কাজে অন্তর্ভূক্ত করার জন্য কৃষি বিভাগ ও বিভিন্ন সামাজিক সংগঠন (এনজিও) বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। জামালগঞ্জে বন্যার ক্ষতিগ্রস্ত কৃষাণিরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে আগাম টমেটো চাষ করছেন। বাজার দর ভালো পেতে শীতকালীন টমেটো বাজারে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তারা।
সরজমিনে জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশীপুর গুচ্ছগ্রামে গিয়ে দেখা যায়, গত কয়েক দফা বন্যায় সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। বর্ষাকালীন সবজি চাষাবাদ করে লোকসান গুনতে হয়েছে অনেককে। ঘুরে দাঁড়ানোর জন্য বাড়িতে আঙ্গিনায় আগাম টমেটো চাষ করে ভাগ্য বদলেন স্বপ্ন দেখছেন এই এলাকার নারীরা। বাড়ির আশপাশসহ বিভিন্ন উঁচু জমিতে টমেটো চাষ করেছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে টমেটো চাষের মাধ্যমে বন্যার ক্ষতি কাটিয়ে লাভের স্বপ্ন দেখছেন কৃষাণিরা।
কাশীপুর গুচ্ছগ্রামে কৃষি অফিস ও সবুজ জীবিকায়ন প্রকল্প কারিতাসের সহযোগিতায় ২৫ সদস্য বিশিষ্ট কৃষক মাঠ স্কুলের সভাপতি শায়েস্তারা খাতুন জানান, অতিবৃষ্টি ও বন্যায় কারণে এ বছর বর্ষাকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এই এলাকায় নারী পুরুষ কৃষির উপর নির্ভরশীল। এই এলাকার টমেটো ঢাকা, ভৈরব, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহসহ বিভিন্ন জায়গায় চালান হয়ে থাকে। এখানকার নারী পুরুষের আবাদকৃত সবজি বড় ধরনের চাহিদা মেটায়। পুরুষের পাশাপাশী আমরাও বাড়ির আঙ্গিনায় টমেটো লাউ, শিম, শসা ইত্যাদি চাষ করে থাকি। বাড়ির আঙ্গিনায় ১০ শতক জায়গায় টমেটো চাষ করতে খরচ হয়েছে ৯ হাজার টাকা। দাম সঠিক পেলে ৫০/৬০ হাজার টাকার টমেটো বিক্রি হবে।
একই গ্রামের নুরনাহার বেগম জানান, ৩২ শতক উঁচু জমিতে টমেটো চাষ করেছি। এলাকার অর্ধশত নারী ও পুরুষ ব্যাপক ভাবে টমেটো চাষ করেছেন। আবহাওয়া ভাল থাকলে লাখ টাকার উপরে আয় করতে পারব।
জামালগঞ্জ উপজেলা কৃষিকর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, এই উপজেলায় ৫শত’ হেক্টর জমিতে টমেটো আবাদ করা হয়েছে। কৃষি কাজে এই এলাকায় পুরুষের পাশাপাশি নারীরাও তৎপর। বিশেষ করে সবজি চাষে কৃষণিরা বেশ সাফল্য এনে দিয়েছেন। কৃষি অফিস থেকে তাদেরকে সার বীজ কীট নাশক সহ নানা ধরনের প্রশিক্ষণ দেয়া হয়েছে।্ সেলিমগঞ্জ মান্নান ঘাট এলাকাটি টমেটোর জন্য প্রসিদ্ধ। এই এলাকার টমেটো উপজেলায় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।


