সু.খবর ডেস্ক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে। আগারগাঁও থেকে উত্তরা ৬০ টাকা দিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে যেতে পারবেন যাত্রীরা। মেট্রোরেলে কোনো হাফ পাস (ভাড়া) নেই। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবে। যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা যৌক্তিক।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আগামীকাল (বুধবার) বেলা ১১টায় মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে উত্তরার দিয়াবাড়িতে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী উত্তরা স্টেশনে উঠে আগারগাঁও এসে নামবেন।
ওবায়দুল কাদের আরও বলেন, মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির চার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত এই চার নেতার মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও মঈন খান।
সূত্র : ভোরেরকাগজ
- ভারত-পাকিস্তানে চেয়ে ঢাকায় মেট্রোরেলের ভাড়া বেশি: বিএনপি
- চাল গমসহ ৭ পণ্যে কোটা চেয়েছি, ভারত আশ্বস্ত করেছে: বাণিজ্যমন্ত্রী


