জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আব্দুল হক (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেরী গ্রামের আব্দুল হকের সঙ্গে একই গ্রামের আনোয়ার হোসেনের পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে ঘটনার দিন সকালে বাড়ি বের হয়ে গ্রামের বেরী নদীর পার দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন আব্দুল হকের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা হামলার শিকার আব্দুল হক জানান, অনেক দিন যাবত প্রতিপক্ষের লোকজনের সাথে বিরোধ চলে আসছিল। যার জের ধরে আনোয়ারের নেতৃত্ব ৪-৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে
 আমার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তাদের হামলায় আমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ রয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. রুবেল আহমদ জানান, আহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মুরছালিন আহমদ জানান, হামলা কিংবা সংঘর্ষের কোন খবর আমাদের জানা নেই। অভিযোগ পেলে বিষয়টি দেখব।