শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ছিফতখালী বাঁধ কেটে জলমহালের পানি নিস্কাশন করছে একটি মহল। এতে করে হুমকির মুখে পড়েছে উপ্তিরপাড়, মৌখলা, ঠাকুরভোগ ও টাইলা গ্রামের কয়েক হাজার হেক্টর বোর জমি।
সরেজমিন বুধবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাতের আঁধারে ছিফতকালী বেরিবাঁধ এসকেভেটর মেশিন লাগিয়ে প্রায় ৩০ ফুট গভীর খালের মত কাড়া করে পানি নিস্কাশনের ব্যবস্থা করছে।
এই বাঁধ কাটা কাড়া দিয়ে ফাল্গুন মাস পর্যন্ত পানি নিস্কাশন করা হবে বলে জানান কাউয়ুজুরী গ্রামের কৃষক শেলু মিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক বাঁধের পার্শ্ববর্তী গ্রামের আরও একাধিক কৃষক জানান, অপরিকল্পিতভাবে ঝঁকিপূর্ণ বাঁধটি কেটে দেয়া হয়েছে। তবে কে বাঁধ কেটে দিয়েছে তা কেই বলতে পারেননি। ফাল্গুন অথবা চৈত্র মাসে তড়িঘড়ি করে ঝুঁকিপূর্ণ বাঁধটি মেরামত করা হলে টেকসই হবে না। এতে হাওর ডুবির সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে মরা মহাসিং নদী জলমহালের ইজারাদার জাবেদ নুর বলেন, এই বাঁধটি আমরা কেটে দেইনি, কে বা কারা কেটে দিয়েছে আমি জানি না।
এ ব্যাপারে পাঁচকাইপনা জলমহালের ইজারাদার নুর মিয়ার মোবাইল ফোনে বারবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।
শান্তিগঞ্জ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও মাহবুল আলম ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান জানান, বাঁধ কাটার বিষয়ে কেউ আমাদেরকে অবগত করেনি। বিষয়টি খতিয়ে দেখে যারা বাঁধ কেটেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


