স্টাফ রিপোর্টার
কুঁড়েঘরে কোনোমতে দিন কাটানো রোকেয়াকে ঢেউটিন উপহার দিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে এই ঢেউটিন দেন তিনি। বয়োজ্যেষ্ঠ মোছা রোকেয়া বেগম সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর গ্রামের ইছব আলীর মেয়ে।
গত ৩ জানুয়ারি রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। কম্বল বিতরণের সময় তিনি মোছা. রোকেয়া বেগমকে একটি কুঁড়েঘরে থাকতে দেখেন। এসময় রোকেয়া বেগম জেলা প্রশাসকের কাছে তার অসহায়ত্বের কথা জানান। পরে জেলা প্রশাসক তাকে ঘর নির্মাণ করার টিন উপহার দেয়ার আশ্বাস দেন।
এর প্রেক্ষতে গতকাল জেলা প্রশাসন প্রাঙ্গণে রোকেয়াকে দুই বান্ডিল টিন উপহার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মহিউদ্দিন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।


