স্টাফ রিপোর্টার
এখন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে বই পড়তে বিমুখ। বিদ্যালয় ছুটি বা অবসরে শিক্ষার্থীরা বই পড়ে সময় পার করলেও এখনকার চিত্র ব্যতিক্রম। অবসর বা বিদ্যালয় ছুটির সময় দখল করেছে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম। তাই শিক্ষার্থীদের মাঝে আগের বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে ব্যক্তিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শিক্ষার্থীরা ৩০ টাকা দিয়ে বই কিনে পড়ে মূল্যায়ন পরীক্ষায় অংশ্রগ্রহণ করেছে।
শনিবার বেলা ১১ টায় সারাদেশের ন্যায় সুনামগঞ্জের রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫ টি বিভাগে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এরআগে শিক্ষার্থীদের মাঝে উদীচীর প্রকাশনা মননের পাঠশালা নামের শ’খানেক বই দেয়া হয়। এই বইয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সত্যেন সেন’র এটম বোমা ও কাজী নজরুল ইসলামের পুতুলের বিয়ে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সত্যেন সেন’র লাল গরুটা ও রবিন্দ্রনাথ ঠাকুরের লিখা পোস্টমাস্টার, নবম—দশম শ্রেণির শিক্ষার্থীদের রণেশ দাশগুপ্ত’র মাল্যদান ও কাজী নজরুল ইসলামের যৌবনের গান, একাদশ— দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রণেশ দাশগুপ্ত’র রহমানের মা ও সোমেন চন্দ’র লেখা ইঁদুর লেখাটি ছিলো। এছাড়াও উন্মুক্ত বিভাগের শিক্ষার্থীদের জন্য বদিউর রহমানের লেখা বাংলাদেশের সংবিধান প্রণয়ন ও গ্রহণ ও যতীন সরকারের বাঙালির লৌকিক ঐতিহ্যে সমাজতান্ত্রিক উপাদান লেখা ছিলো। শিক্ষার্থীরা এই লেখাগুলো পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষার সময় উপস্থিত ছিলেন জেলা উদীচীর সহসভাপতি রমেন্দ্র কুমার দে, সাবেক সভাপতি বিজন সেন রায়, কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য চন্দন রায়, মানব চৌধুরী, জেলা প্রগতি লেখক সংঘের সভাপতি নির্মল ভট্টাচার্য, জেলা উদীচীর নির্বাহী সদস্য আরতি পাল, অ্যাড মতিয়া বেগম, জেলা প্রগতি লেখক সংঘের সহসাধারণ সম্পাদক অনুপ নারায়ন তালুকদার, জেলা উদীচীর সহসাধারণ সম্পাদক জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদ মনি, কোষাধ্যক্ষ নাহিদ আল নেওয়াজ, সঙ্গীত বিষয়ক সম্পাদক বাসনা পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার সাজ্জাদ পিয়াল প্রমুখ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পরীক্ষার খাতা যাচাইয়ের পর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করে পুরষ্কার বিতরণ করা হবে। জেলা পর্যায়ে নির্বাচিত ৩ জনের খাতা জাতীয়ভাবে মূল্যায়ন করা হবে। জাতীয়ভাবে বিজয়ীদের ঢাকায় পুরষ্কার বিতরণ করা হবে। আগামী ১৫ জানুয়ারী উদীচীর অন্যতম প্রতিষ্টাতা, লেখক—সাহিত্যিক রণেশ দাশগুপ্তের জন্মদিনের অনুষ্ঠানে জেলা পর্যায়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হবে।


