মধ্যনগরে আগাম জাতের ধান কাটা শুরু

মধ্যনগর সংবাদদাতা
মধ্যনগর উপজেলার টাংগুয়ার হাওরে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। গত বুধবার উপজেলার টাংগুয়ার হাওরে প্রথম ধান কাটেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী গ্রামের কৃষকেরা। আগেভাগে ধান কাটতে পেরে খুশি কৃষকেরা।
জানা যায়, এবার উপজেলায় আগাম জাতের বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বেশির ভাগ জমির ধানই পাকতে শুরু করেছে। ধান ঘরে তুলতে দিন-রাত কাজ করে যাচ্ছেন কৃষকরা। এদিকে ব্রি-২৮ ধানে ব্লাস্ট রোগের সংক্রমণ নিয়ে অনেক কৃষকদের মাঝে আতংক রয়েছে।
টাংগুয়ার হাওর পারের রংচী গ্রামের কৃষক জলিল মিয়া বলেন, আমার দুই একর জমিতে আগাম জাতের হাইব্রিড ধান (স্বর্ণা-৩) কাটা শুরু করেছি। ফলনও ভালো হয়েছে। একর প্রতি প্রায় ৪৫ থেকে ৫০ মন ধান হয়েছে।
আরেক কৃষক শহীদ জামাল বলেন, ১ একর জমিতে তিনি আগাম জাতের ধানের আবাদ করেছিলাম। কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ভালোভাবে ধান কেটে ঘরে তুলেছি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ৩১ হাজার ১৫২ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। চাষকৃত এসব ধানের মধ্যে রয়েছে ব্রি ধান ২৮, ব্রি ধান ২৯, ব্রি ধান ৮৮, ব্রি ধান ৮৯, ব্রি ধান ৯২ এবং হাইব্রিড এর মধ্যে জনক রাজ, ছক্কা, তেজগোল্ড, মাইক্রো ১, ইস্পাহানি ৮, রুপালি ৭ ও স্বর্ণা ৩ জাতের ধান। চলতি বছরে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার মেট্রিক টন।