বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে কারা স্থান পেলেন এই আলোচনা গেল দুইদিন ধরে চলছে দলটির তৃণমূলের কর্মী ও জেলার রাজনৈতিক কর্মীদের মধ্যে। জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক গঠনতন্ত্রের নির্দেশনা অনুযায়ী ৪৫ দিনের মাথায় গেল ২৭ মার্চ পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব আকারে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ায় এই আলোচনা শুরু হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন, প্রস্তাব আকারে কেন্দ্রে কমিটি জমা হয়েছে, এই কমিটি যাচাই-বাছাইকালে কিছু পরিবর্তনও হতে পারে।
প্রায় ছয় বছর পর গেল ১১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনে প্রবীণ আওয়ামী লীগ নেতা জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা নোমান বখ্ত পলিনকে সাধারণ সম্পাদক ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কমিটি ঘোষণার পর সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব আকারে কেন্দ্রে জমা দেবার নির্দেশ দেওয়া হয়। গঠনতন্ত্রে নির্ধারিত ৪৫ দিনের মধ্যেই গেল ২৭ মার্চ ৭৫ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি জমা দিয়েছেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।
কমিটিতে স্থান পাওয়া একাধিক নেতা এই প্রতিবেদককে জানিয়েছেন, নতুন কমিটিতে সহ-সভাপতি পদে দিলীপ কুমার দাস, রেজাউল করিম শামীম, নাদের বখ্ত, আবুল কাসেম, অ্যাড. মতিউর রহমান পীর, অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, আজহারুল ইসলাম সিফার, আবুল কালাম ও অ্যাড. আব্দুল করিম রয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে খায়রুল হুদা চপল, শামীম চৌধুরী ও ফজলুর রহমানের নাম রয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে নাম প্রস্তাব করা হয়েছে, বর্তমান সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু ও আসাদুজ্জামান সেন্টু’র নাম।
এছাড়া কোষাধ্যক্ষ, দপ্তর, প্রচার, বন পরিবেশ এবং তথ্য ও গবেষণা সম্পাদক পদে সজীব রঞ্জন দাস, মুজিবুর রহমান, অ্যাড. বিমান কান্তি রায়, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. কল্লোল তালুকদার চপল, সজল কান্তি দাস ও জাহাঙ্গীর চৌধুরী’র নাম শুনা গেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন বলেছেন, কমিটি প্রস্তাব আকারে কেন্দ্রীয় দপ্তওে জমা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ এটি চূড়ান্ত করবেন।
জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খায়রুল কবির রুমেন বলেছেন, প্রস্তাবিত কমিটির তালিকা দেখি নি। তবে যেটুকু শুনেছি, এই কমিটি দিয়ে জেলাব্যাপি তৃণমূলের কর্মীদের আকাঙ্খা পূরণ হবে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট বলেছেন, দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করে মূল্যায়ন না পেয়ে নিস্ক্রিয় হয়ে পড়ছিলেন এমন ত্যাগী যোগ্য নেতাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। ছাত্রলীগের সাবেক সভাপতি, নিবেদিত কর্মী জিতেন্দ্র তালুকদার পিন্টুকে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ধরণের নিবেদিত কর্মীদেরই কমিটিতে প্রস্তাব করা হয়েছে। কমিটি অনুমোদন না হওয়া পর্যন্ত আরও পরিবর্তন হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানালেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি প্রস্তাব আকারে পাওয়া গেছে। সাংগঠনিক টিম এই কমিটি যাচাই-বাছাই করার জন্য বসবেন। যাচাই-বাছাই শেষে কমিটি চূড়ান্ত হবে।


